বিএনপি ক্ষমতায় এলেই গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট থাকবে না—এমনটা হওয়ার নয় বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬-এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, সারের সংকট হবে না—এটা হতে পারে না।’
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ ঋণখেলাপির দিক থেকেও সর্বোচ্চ অবস্থানে থাকবে না—এমনটাও হতে পারে না। তার ভাষায়, বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণখেলাপির ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে যাওয়া এবং ৬ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপি হওয়া।
এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হইচই শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে স্পিকার বারবার ‘অর্ডার’ বলে সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানা বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।’
ব্যাংক রেজুলেশন আইন প্রসঙ্গে তিনি বলেন, আইনের ১৮-এর ‘ক’ ধারা নিয়ে আগে বলা হয়েছিল এটি রাখা হবে না। কিন্তু শেষ পর্যন্ত ধারাটি রাখা হয়েছে। তার দাবি, সংসদের অধিকাংশ সদস্যই ঋণখেলাপি হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দিতে উচ্চ আদালতে রিট করা এবং নির্বাচনের আগে সাময়িকভাবে ঋণখেলাপির তালিকা থেকে বাদ পড়ার ঘটনা দেশে পুরোনো সংস্কৃতিতে পরিণত হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন