বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ডব্লিউএইচও ও বাংলাদেশ কর্তৃপক্ষের তদন্তের মধ্যেই বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগপত্রে বাংলাদেশে একটি জমির প্লট অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে। তবে সায়মা ওয়াজেদ দাবি করেছেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অধিগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় তিনি জমিটির অধিকারী হয়েছিলেন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ লিখেছেন, আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য নির্বাচিত হয়েছিলেন এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন।
ডব্লিউএইচওর নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানিয়ে তিনি আরও বলেন, দায়িত্ব কার্যকরভাবে পালনে তাকে বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি বেতন ছাড়া ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের পর প্রায় এক বছর কোনো পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।
দুর্নীতির অভিযোগ ও তদন্ত
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে পরবর্তীতে তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করার পর তাকে ছুটিতে পাঠানো হয়।
গত ৩ জুলাই ডব্লিউএইচওকে দেওয়া সায়মা ওয়াজেদের আইনজীবীদের একটি পৃথক চিঠির বরাত দিয়ে রয়টার্স জানায়, চীন সফরের সময় আর্থিক জালিয়াতি এবং নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে এনেছে ডব্লিউএইচও। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ।
পদত্যাগের বিষয়ে সায়মা ওয়াজেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। ডব্লিউএইচওর কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন