পশ্চিম ফিলিপিন্সের পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফিলিপিন্সের কোস্ট গার্ড (পিসিজি)।
পিসিজি জানিয়েছে, পালাওয়ানের করোন শহরের কাছের জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে বুধবার রাতে আগুন লাগে। আগুন লাগার পর ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফেরিটির কিছু অংশ আগুনের শিখায় ঢেকে রয়েছে। উদ্ধারকারীদের মৃতদেহগুলো বডি ব্যাগে রাখতে দেখা যায়।
কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবইয়াব ডিজেডএক্সএল রেডিওকে জানান, ফেরিটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুর নাম ছিল।
জীবিত উদ্ধার হওয়া ও নিহতের সংখ্যা বিবেচনায় ৮০ জনের বেশি মানুষের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানান কায়াবইয়াব।
তিনি বলেন, ফেরিটি ম্যানিলার বেসেকো এলাকা থেকে ছেড়ে করোনের উদ্দেশে যাচ্ছিল। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন