হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত সেরিক, মিনাব ও কেশম দ্বীপ এলাকায় এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আল-জাজিরা ও আনাদোলু জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে কারা হামলা চালিয়েছে বা কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
অন্যদিকে, ফার্স নিউজ এজেন্সি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, সেরিক, মিনাব ও কেশম দ্বীপে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দ মূলত সমুদ্রের দিক থেকে এসেছে। এর আগে বুধবারও দক্ষিণাঞ্চলীয় শহর জাস্কের উপকূলসংলগ্ন এলাকায় সমুদ্রের দিক থেকে একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর জানিয়েছিল ফার্স।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। গত জুনে এই জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক সই হলেও তা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে পারেনি।
সংশ্লিষ্টদের মতে, ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাগুলো হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার নতুন বহিঃপ্রকাশ হতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন