আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। একই সঙ্গে বিগত সরকার পর্যাপ্ত টিকা মজুত না রাখায় দেশে সংকট তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির উইমেন্স কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসে পৌঁছেছে। আগামী ১৭ সেপ্টেম্বর আরও একটি চালান দেশে আসবে। হামে মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও দাবি করেন তিনি।
ডেঙ্গু নিয়েও উদ্বেগ
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় বিভিন্ন স্থানে পানি জমে থাকে, সেখানে মশা নিয়ন্ত্রণ করা কঠিন। ঢাকার বাইরে প্রতিটি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত হলেই অনেক রোগী ঢাকায় চলে আসেন।
রোগীদের ঢাকায় পাঠিয়ে দেওয়ার বিষয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করে। এ কারণে অনেক সময় তারা রোগীদের ঢাকার হাসপাতালে পাঠিয়ে দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন