আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা দলীয় মনোনয়ন থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বৈধ যে কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন, সরকার তা নিশ্চিত করবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধাপে স্থানীয় সরকারগুলোর নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই সব বৈধ প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগে আগ্রহ যুক্তরাজ্যের
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের জানান, বাংলাদেশের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে যুক্তরাজ্য গভীরভাবে আগ্রহী।
তিনি বলেন, দীর্ঘদিনের অংশীদারত্ব থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দুই দেশ কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে।
সারাহ কুক জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে যুক্তরাজ্য এরই মধ্যে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ করেছে।
সুন্দরবন ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা
যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশটি বর্তমানে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে।
এ ছাড়া দেশের নগর উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পেও যুক্তরাজ্য সরকার গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন