পাঁচ করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকার বেশি করের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুলও খারিজ (ডিসচার্জ) করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ।
আগের রায় প্রত্যাহার
এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট একই বেঞ্চ এ বিষয়ে রিট খারিজ করে রায় দিয়েছিলেন। পরে একই বেঞ্চ সেই রায় প্রত্যাহার করে নেন।
আদালত সূত্রে জানা যায়, বেঞ্চের কনিষ্ঠ বিচারক একসময় এসব মামলায় সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ কারণে আগের রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাগুলো শুনানির জন্য নতুন বেঞ্চে পাঠানো হয়।
পাঁচ করবর্ষে ৬৬৬ কোটি টাকার বেশি দাবি
গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচ করবর্ষের জন্য প্রতিষ্ঠানটির কাছে কর বাবদ অর্থ পরিশোধের দাবি জানায় এনবিআর।
কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক রিট দায়ের করে গ্রামীণ কল্যাণ।
রাষ্ট্রপক্ষ ২০২৪ সালে হাইকোর্টকে জানিয়েছিল, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে মোট ৬৬৬ কোটি টাকার বেশি কর দাবি করেছে এনবিআর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন