যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) জব্দ করা বিপুল সম্পত্তির পর এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে দেউলিয়া ঘোষণার আবেদন করা হয়েছে লন্ডনের হাইকোর্টে। ঢাকাভিত্তিক সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি এ আবেদন করেছে বলে আদালতে দাখিল করা নথির বরাতে জানা গেছে।
গত সপ্তাহের শেষভাগে আদালতে জমা দেওয়া নথিতে এ তথ্য উঠে এসেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এ আবেদন করা হয়েছে তার আর্থিক দায়সংক্রান্ত বিষয়ে।
৩৪২টি সম্পত্তি জব্দ
এর আগে গত বছর সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ৩৪২টি সম্পত্তি জব্দ করে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা। এসব সম্পত্তির সম্মিলিত ক্রয়মূল্য প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাউন্ড।
এদিকে বাংলাদেশেও সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।
আবাসন খাতে স্বল্পমেয়াদি ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং বর্তমানে বিলুপ্ত এমএফএস সাইফুজ্জামান চৌধুরীর ১৭৫টির বেশি আবাসন চুক্তির বিপরীতে ঋণের ব্যবস্থা করে দিয়েছিল। জাতীয় অপরাধ সংস্থার তদন্ত চলাকালে এসব সম্পত্তির মূল তদারককারী প্রতিষ্ঠান জেডটিএস প্রোপার্টিজ লিমিটেড আদালতের অধীনে প্রশাসনিক ব্যবস্থাপনায় রয়েছে।
ব্যাংক ও সাইফুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি
এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। সাইফুজ্জামান চৌধুরীর ব্যবহৃত আগের একটি ফোন নম্বরেও যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সাইফুজ্জামান চৌধুরী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত টানা পাঁচ বছর ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের আগস্টে তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। এরপর তার ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে।
সূত্র: ব্লুমবার্গ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন