জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক, কণ্ঠস্বর নকল এবং স্বাক্ষর জাল করে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে জানান, এ ধরনের সাইবার প্রতারণা প্রতিরোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে কাজ শুরু করেছে।
চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের ব্যবহৃত মোবাইল নম্বর হ্যাক করে তাদের সহকর্মীদের কাছে জরুরি ভিত্তিতে ৫০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। কিছু ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠস্বর নকল বা ‘ভয়েস ক্লোন’ করা হচ্ছে। পাশাপাশি জাল স্বাক্ষরযুক্ত ভুয়া কাগজপত্র তৈরি করেও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
সরকারি ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্য ইতোমধ্যে এ ধরনের সাইবার প্রতারণার শিকার হয়েছেন বলেও জানান তিনি।
আলোচনার একপর্যায়ে প্রযুক্তিগত নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারে রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি তুলে ধরেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। নির্বাহী বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভূমিকার কথা উল্লেখ করলে চিফ হুইপ জানান, সমস্যা সমাধানে বিটিআরসি আইনি ও প্রযুক্তিগতভাবে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে।
সংসদ ভবনে ফেস রিডিং ব্যবহারের আহ্বান
সংসদ ভবনের নিরাপত্তা জোরদারের বিষয়েও কথা বলেন চিফ হুইপ। তিনি জানান, সংসদ ভবনের প্রতিটি লবিতে আধুনিক ফেস রিডিং ডিভাইস স্থাপন করা হয়েছে। তবে অনেকেই প্রবেশের সময় এসব ডিভাইস এড়িয়ে যাচ্ছেন।
শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব সংসদ সদস্যকে সংসদ ভবনে প্রবেশের সময় ফেস রিডিং ডিভাইস ব্যবহারের অনুরোধ জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন