পূর্ব চীনের ছিংদাও বন্দরে রক্ষণাবেক্ষণের কাজে থাকা একটি বিদেশি পতাকাবাহী পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে ছিংদাও শহরের একটি জাহাজ নির্মাণ ও মেরামত কারখানায় জাহাজটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জাহাজের ভেতরে থাকা কয়েকজন আটকা পড়েন। তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দ্রুত ও সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নতুন করে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানান, আগুন লাগার পর জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
জাহাজটির নাম ‘ওশান মেলোডি’
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। ১৯০ মিটার দীর্ঘ জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট এটি ছিংদাও বন্দরে পৌঁছায়।
আগুন লাগার সময় জাহাজটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল বলে জানা গেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চীনে জাহাজ কারখানায় সাম্প্রতিক দুর্ঘটনা
চীনে জাহাজ নির্মাণ ও মেরামতকেন্দ্রে দুর্ঘটনার এটি সর্বশেষ ঘটনা। এর আগে প্রায় এক মাস আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুচিয়েন প্রদেশের একটি জাহাজ নির্মাণ কারখানায় বিস্ফোরণে একজন উদ্ধারকর্মী নিহত এবং ১২ জন আহত হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন