আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বিভিন্ন বিল পাসের সময় জামায়াত তাদের মতামত জানিয়েছে। তবে কয়েকটি বিষয় ছাড়া তাদের অধিকাংশ মতামত আমলে নেওয়া হয়নি। রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি যদি শুধু ভোট পাওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, সরকার জাতির কাছে দেওয়া ওয়াদা পালন করেনি এবং জনগণের গণরায় উপেক্ষা করেছে। জনগণের ভোটের রায় উপেক্ষা করা হলে তারা তা মেনে নেবেন না বলেও জানান জামায়াত আমির।
তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার কারণেই মুক্তিযুদ্ধ হয়েছিল। জনগণের রায় উপেক্ষা করার বিষয়টি জামায়াতও মেনে নেবে না।
সংস্কারগুলো বাস্তবায়ন হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, সরকার ভালো কাজ করলে তারা সমর্থন করবেন। আর খারাপ কাজ করলে তার বিরোধিতা করার পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন