বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত সফর করবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, সফরের আগে দুই দেশের চলমান কাজ ও যোগাযোগ অব্যাহত রাখা প্রয়োজন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সফরের জন্য উপযুক্ত সময় মনে করবেন, তখনই তিনি ভারত সফর করবেন। এর আগে দুই দেশের চলমান কার্যক্রমগুলো অব্যাহত রাখা দরকার।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, উভয় দেশের সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটিগুলো কাজ করছে। দুই দিকের বাণিজ্যিক বিধিনিষেধও ধীরে ধীরে শিথিল করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। বাণিজ্যিক সম্পর্ক কোনো বাধার কারণে থেমে থাকবে না।
কবীর-লালন ভাবসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার ভারতের সাধক কবি কবীর ও বাংলাদেশের সাধক কবি লালনের জীবনাদর্শ তুলে ধরেন। তিনি বলেন, কোনো ধর্মেই বিভাজনের কথা বলা হয়নি। ধর্মীয় বিভাজন দূর করে শান্তি প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যও সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন