পদ্মা নদীতে উজানের পানির প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) তার স্বাক্ষরিত এক বিশেষ জরুরি নৌ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বেড়েছে। বর্তমানে ওই এলাকায় পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। প্রবল স্রোতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে পরিচালনার কথা বলা হয়েছে। একই সঙ্গে যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেগুলোকে এ নৌপথ এড়িয়ে বিকল্প পথে চলাচল করতে বলা হয়েছে।
এ ছাড়া নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নৌ বিজ্ঞপ্তির অনুলিপি নৌপুলিশ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, নেপালের বন্যার পানি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করায় পদ্মায় পানির প্রবাহ বেড়েছে। পানির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও বাড়ছে।
তিনি জানান, পানির গতিপ্রবাহ পরিমাপ করে ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল বা তার বেশি বেগ পাওয়া গেছে। অতিরিক্ত স্রোতের কারণে কম গতিসম্পন্ন নৌযানগুলোকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ এড়িয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন