বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সুরাবায়া বন্দর থেকে বানজারমাসিনের উদ্দেশে যাত্রার পর জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে জাহাজটি যাত্রা শুরু করে।
বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার কার্যালয়ের প্রধান আই পুতু সুদায়ানা জানান, জাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ার বিপদসংকেত পাওয়ার পর অপারেটর কোম্পানি বিষয়টি প্রশাসনকে জানায়। এরপর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
এপির তথ্যমতে, বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে থাকা অবস্থায় জাহাজটির সর্বশেষ অবস্থান সংকেত পাওয়া যায়।
নিখোঁজদের সন্ধানে বানজারমাসিনের বাসিরিহ জেটি থেকে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। বিপুলসংখ্যক আরোহী থাকায় ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আবহাওয়া পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি অনুসন্ধান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো আরোহীর সন্ধান বা হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ফেরি ও যাত্রীবাহী জাহাজ। তবে দুর্বল নৌনিরাপত্তা ও নজরদারির কারণে দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনার ঘটনা ঘটে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন