পাবনার ঈশ্বরদীর পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা লেগে নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর রাকিবুজ্জামান রকি (৩০) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চর-কুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর গার্ডারের পিলারের সঙ্গে পিকনিকের একটি নৌকার ধাক্কা লাগে। এতে রকিসহ তিনজন নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা লিটন ও ওহাবকে উদ্ধার করতে পারলেও রকি নিখোঁজ ছিলেন।
রোববার সকালে আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে রকির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
নৌকা ভ্রমণে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়িঘাট থেকে ১২৩ জন ভেড়ামারার সোলাইমান শাহ মাজারে বেড়াতে যান। ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের কাছে স্রোতের ধাক্কায় নৌকার পেছনের অংশ পিলারে ধাক্কা খেলে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান।
পরে লিটন ও ওহাবকে উদ্ধার করা হলেও রকির সন্ধান পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন