ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তবে তিনি নিগারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন বলেও জানান।
চলমান নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে নিগার ও হারমানপ্রীতের মধ্যে হাত না মেলানোর বিষয়টি আলোচনায় আসে।
গত বছর পুরুষদের এশিয়া কাপ থেকেই ভারত-পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দলের অধিনায়কদের হাত না মেলানোর ঘটনা দেখা গেছে। এবার বাংলাদেশ-ভারত ম্যাচেও একই ধরনের ঘটনা ঘটায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ক্রিকবাজকে রফিকুল ইসলাম বাবু বলেন, হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিগারের নিজের। বিসিবি বিশ্বাস করে, খেলাধুলা বিশ্বকে একত্রিত করে এবং ভারতের পাশাপাশি সব দেশের সঙ্গেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত।
এদিকে নিগার সুলতানার অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন বিসিবির নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান। এশিয়ান গেমস শেষ হওয়ার পর এসব অভিযোগ ও দলের পারফরম্যান্স পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রফিকুল ইসলাম বাবু জানান, পারফরম্যান্স ও অভিযোগের বিষয়টি নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স দেখার পর পুরো পরিস্থিতি মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের জয়ের ঘাটতি রয়েছে। বিশ্বকাপেও দল ভালো খেললেও ছোটখাটো ভুলের কারণে ম্যাচ হেরেছে। দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে কাজ চলছে। এশিয়ান গেমসের পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন