প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সবার জন্য সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক চিকিৎসা নিশ্চিত করে স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারের একটি হলে ‘সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবাকে শুধু আধুনিক হাসপাতাল বা উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, দেশের অনেক রোগী জটিল অবস্থায় পৌঁছানোর পর বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। বাড়ির কাছাকাছি প্রয়োজনীয় সেবা না থাকায় তাদের দূর-দূরান্তে যেতে হয়। তাই স্বাস্থ্যব্যবস্থাকে শুধু চিকিৎসাকেন্দ্রিক না করে রোগ প্রতিরোধ ও আগাম শনাক্তকরণমুখী করতে হবে।
দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে ব্যাপক সামাজিক স্ক্রিনিং ও নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করার কথাও বলেন তিনি। পাশাপাশি বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে ডিমেনশিয়া ও পারকিনসন্স রোগের চিকিৎসা প্রস্তুতির ওপর গুরুত্ব দেন।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে। পাশাপাশি এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যেখানে নারী স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা কমিউনিটি পর্যায়ে দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা ও প্রসূতি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
গর্ভবতী নারী ও শিশুদের উন্নত সেবা নিশ্চিত করতে এবং প্রাথমিক চিকিৎসা থেকে বিশেষায়িত হাসপাতালে রোগী স্থানান্তরের জন্য কার্যকর রেফারাল নেটওয়ার্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, উদ্ভাবন মানেই শুধু ব্যয়বহুল যন্ত্র বা নতুন অ্যাপ তৈরি নয়; সাধারণ মানুষের বাস্তব সমস্যার সমাধান করাই প্রকৃত উদ্ভাবন। বাংলাদেশের ওষুধ শিল্প, গবেষক ও ডিজিটাল প্রযুক্তিকে সমন্বিত করে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে নভোথিয়েটার প্রাঙ্গণে তিন দিনব্যাপী ইনোভেশন ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করেন। মেলা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন