দেশে আর যেন অন্ধকার ও দুর্দিন ফিরে না আসে, সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ভোরবাজার ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ফরহাদনগর ইউনিয়নের জগৎ জীবনপুর গ্রামের পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ির চাবি হস্তান্তর ও স্মরণসভা উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, একসময় বিএনপির লাখো নেতাকর্মীকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে জীবন কাটাতে হয়েছে। ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী মতের মানুষকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম-খুনের শিকার বিএনপির হাজারো নেতাকর্মীর পরিবারের অপেক্ষার এখনও শেষ হয়নি। বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের জন্য রাজনীতি করে এবং দলটি ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় কাজ করেছে।
রিজভী আরও বলেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। পুলিশের গুলিতে নিহত হারুনুর রশিদের মতো মানুষ মেট্রোরেল বা পদ্মা সেতু নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করেননি। তাদের স্বপ্ন ছিল একটি সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা।
২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা হারুনুর রশিদ। এরপর থেকে তার পরিবারের পাশে থাকার কথা জানিয়ে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে হারুনুর রশিদের স্ত্রী জোহরা বেগম নতুন বাড়ির চাবি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। হারুনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ২০১৭ সালে তার বড় মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল বলে অনুষ্ঠানে জানানো হয়। পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, হারুনের আরেক মেয়ের বিয়ের পাশাপাশি নবম শ্রেণিতে পড়ুয়া ছেলের শিক্ষার ব্যয়ও বহন করা হচ্ছে।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের এমপি মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিহত হারুনুর রশিদের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারের জন্য নির্মিত নতুন বাড়ির উদ্বোধন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
এদিকে বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো আরও একটি অসহায় পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে রুহুল কবির রিজভীর। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের উদ্যোগে পরিবারটিকে এই বাড়ি উপহার দেওয়া হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন