জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় বৈঠক এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। সাইডলাইনে বিভিন্ন বৈঠক হবে, যেগুলোর সিদ্ধান্ত অনেক সময় শেষ মুহূর্তে হয়।
তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে গেলে কার কার সঙ্গে বৈঠক করবেন, তা চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।
হুমায়ুন কবির আরও জানান, যুক্তরাষ্ট্র সফরকালে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজন করা হবে। বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন