দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন প্রবীণ বাসিন্দা নিহত হয়েছেন। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে পিত্রুফকেনের এল এদেন বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বৃদ্ধাশ্রমটিতে আগুনের সূত্রপাত হয়। এতে নিহত সবাই ওই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। অগ্নিকাণ্ডের পর আরও ১০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্তে নেতৃত্ব দেওয়া সরকারি কৌঁসুলি হোর্হে গ্রানাদা জানিয়েছেন, আগুন কীভাবে শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
শনিবার সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপরও দমকলকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসাবশেষ ও ধসে পড়া ঢেউটিনের ছাদ সরানোর কাজ করেন। নিরাপত্তার কারণে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে।
ঘটনার পর চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত দেশের সব বৃদ্ধাশ্রমের পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধ বা তদারকিতে কোনো ধরনের ব্যর্থতা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না এবং সে অনুযায়ী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটিও তদন্ত করা হবে।
প্রেসিডেন্ট কাস্ত বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় মেয়র জ্যাকলিন রোমেরো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন