শিক্ষার মান যত উন্নত হবে, দেশ তত এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা সরকারের দায়িত্ব।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি সামাজিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেও কাজ চলছে।
আফরোজা খানম বলেন, দেশের কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করেন খাদ্যমন্ত্রী। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন