সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদে এ তথ্য উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ সময় তিনি ১৯৮১ সালের জিয়াউর রহমান হত্যাকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর।
তানভীর হাসান জোহা বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান। এর দুই দিন পর ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালিয়ে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এ ঘটনায় কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে মোজাফফর জানিয়েছেন।
তবে জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর হোসেন অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলেও জানান প্রসিকিউটর। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে আবারও জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন।
এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে গত ২৩ জুলাই তাকে দুই দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও মোজাফফর হোসেন গ্রেপ্তার রয়েছেন। ওই মামলার বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন