রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও পুলিশ প্রশাসন পৃথকভাবে সমন্বয় সভা করে সফরের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ করেছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং সফরকে কেন্দ্র করে সিসিকের নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন।
পরিদর্শন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিটি করপোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সিলেট একটি পর্যটননগরী হওয়ায় রাষ্ট্রপতি যাতে নগরীর সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তাঁর সফরে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এ সময় তিনি যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে মাজার জিয়ারত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সিসিক প্রশাসক আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন ও সংস্কারকাজ নিয়মিতভাবে করে আসছে সিটি করপোরেশন। রাষ্ট্রপতির সফর উপলক্ষে এসব কাজ আরও গতিশীল করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার এ বিষয়ে সমন্বয় সভা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাষ্ট্রপতির নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ নিয়ে আলোচনা হয়।
এছাড়া জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
রাষ্ট্রপতির সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এসএমপি কমিশনার। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন