বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে রাশিয়ার ডিজেল শোধনাগার ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আয়ারল্যান্ড সফর শেষে এয়ার ফোর্স ওয়ান বিমানে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, রাশিয়ার জ্বালানি উৎপাদনকারী স্থাপনায় ইউক্রেনের হামলা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।
ট্রাম্প বলেন, ইউক্রেন ও রাশিয়ার বিষয়ে তার অন্যতম উদ্বেগ হলো—বিশ্ববাজারে ডিজেলের উল্লেখযোগ্য একটি অংশ রাশিয়া থেকে আসে। অথচ ইউক্রেন দেশটির জ্বালানি উৎপাদনকারী স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি জেলেনস্কিকে রাশিয়ার ডিজেল উৎপাদনকারী স্থাপনা ও শোধনাগারে হামলা না চালানোর জন্য অনুরোধ করেছেন।
রাশিয়া থেকে ডিজেল সরবরাহ কঠিন হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানিটির দাম বাড়ছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।
তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি পুরো বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং এটি দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন