হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের কাছ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ ও ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।
তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (এয়ারপোর্ট) কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালান। এ সময় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮৪) যাত্রী আবদুল করিম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় ২২৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
একই দিনে মালয়েশিয়া থেকে আসা এয়ারএশিয়ার (একে-৭১) যাত্রী শিপনের ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ উদ্ধার করেন কর্মকর্তারা।
অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বিএস-৩২৬) একই ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ১৪৪টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এর মধ্যে কে এম তোফায়েল আহমেদের কাছ থেকে ৯৮টি এবং শামীমা আক্তারের কাছ থেকে ৪৬টি মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে।
একই দিনে দুবাই, মালয়েশিয়া ও গুয়াংজু থেকে আসা তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব পণ্য জব্দের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কর্মকর্তারা জানান, এসব পণ্যের পেছনে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র সক্রিয় রয়েছে কি না এবং যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন