মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শিল্প কারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্যবসায়ী প্রতিনিধিরা এসব তথ্য জানান।
ব্যবসায়ীরা জানান, শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের বিষয়টি বৈঠকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ ও বিভিন্ন প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
বৈঠকে সরকার জানায়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পাশাপাশি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ব্যবসায়ী নেতারা বলেন, শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহায়তাও জরুরি। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তবে বৈঠকে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়—এ বাস্তবতাও উঠে এসেছে। সরকার ও ব্যবসায়ীরা জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন