ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরের আরও দুটি কৌশলগত দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব নৌপথের আশপাশে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে গোষ্ঠীটি।
সোমবার ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুতিদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেটার হানিশ ও লেসার হানিশ নামের দ্বীপ দুটি বাব আল-মানদেব প্রণালির কাছে অবস্থিত। গত সপ্তাহে প্রণালির কাছে মোখা বন্দরনগরী ও মায়ুন দ্বীপ দখলের পর এবার হুতিরা এই দুই দ্বীপের নিয়ন্ত্রণ নেয়।
ইয়েমেনের দুই সরকারি কর্মকর্তা ও হুতিদের একজন কর্মকর্তা জানান, সরকারপন্থী কয়েক শ সেনা দ্বীপপুঞ্জটি ছেড়ে যাওয়ার পর সেখানে হুতিদের যোদ্ধাদের মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে কর্মকর্তারা নাম প্রকাশ করেননি।
গ্রেটার ও লেসার হানিশ দ্বীপ বাব আল-মানদেব প্রণালি থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর আগে গত সপ্তাহে হুতিরা মোখা বন্দরনগরী এবং প্রণালির ভেতরে অবস্থিত মায়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নেয়।
বাব আল-মানদেব আন্তর্জাতিক নৌবাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। হরমুজ প্রণালির বিকল্প হিসেবে সৌদি আরবের অপরিশোধিত তেলও লোহিত সাগর দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে হুতিদের নিয়ন্ত্রণ বাড়ায় সৌদি তেলবাহী জাহাজসহ আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযান নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হুতিদের সাম্প্রতিক অগ্রগতি ইরানের কৌশলগত অবস্থানকেও শক্তিশালী করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে লোহিত সাগরে জাহাজ ও সৌদি তেল অবকাঠামোয় হামলা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর চাপ বাড়তে পারে।
হুতিদের অগ্রযাত্রার ফলে জিবুতিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি চলে এসেছে গোষ্ঠীটি। বাব আল-মানদেবের অপর পাশে অবস্থিত জিবুতির সঙ্গে হুতিদের নিয়ন্ত্রিত এলাকার দূরত্ব এখন প্রায় ৩২ কিলোমিটার বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে হুতিদের সাম্প্রতিক সাফল্যের পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারপন্থী বাহিনীও পাল্টা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার রাতে তারা বাব আল-মানদেবের উত্তরে কৌশলগত গুরুত্বপূর্ণ দুবাব শহরের দিকে অগ্রসর হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন