রাজধানীর ধানমন্ডিতে ফ্ল্যাটের দরজা খুলতে না পেরে ভেতরে আটকে পড়া ৮০ বছর বয়সী আক্তার হোসেন ও ৭০ বছর বয়সী মনোয়ারা বেগমকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মিরপুর রোডের ধানমন্ডি এলাকার একটি ভবনের নবম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে এমনভাবে আটকে গিয়েছিল যে, বয়োজ্যেষ্ঠ দম্পতি সেটি খুলতে পারছিলেন না।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের নিরাপদে উদ্ধার করেন।
তবে উদ্ধার অভিযানের সময় অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হন ফায়ার সার্ভিসের সদস্যরা। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখতে পান, দম্পতির মুখে আতঙ্কের কোনো ছাপ নেই। বরং স্বস্তির মায়াবী হাসি নিয়ে তারা উদ্ধারকারীদের দিকে তাকিয়ে ছিলেন।
উদ্ধারের পর ফায়ার সার্ভিস সদস্যদের দেখে মিষ্টি হাসিতে শুভেচ্ছাও জানান তারা।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পলাশী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম সুমন।
তিনি বলেন, সাধারণত কোনো ঘরে কেউ আটকে পড়লে ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক কাজ করে। কিন্তু এ ঘটনায় দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর বয়োজ্যেষ্ঠ দম্পতিকে হাসিমুখে দেখতে পান তারা।
শহিদুল ইসলাম সুমন বলেন, দম্পতির মুখে আতঙ্কের বদলে স্বস্তির সেই হাসি দেখে তিনি ও তাঁর সহকর্মীদের সবার মন ভরে গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন