শেয়ারবাজারের চলমান মন্দাভাব কাটিয়ে লেনদেনে গতি ফেরানো এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ব্রোকারেজ হাউস ও স্টক ব্রোকারদের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসইর নিজস্ব ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের লেনদেনে মন্দাভাব, বিনিয়োগকারীদের আস্থা, বাজারে তারল্য সংকট এবং সার্বিক বাজার উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
এতে বিভিন্ন ব্রোকারেজ হাউসের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ডিএসইর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈঠকে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি লেনদেনের গতি বাড়াতে ব্রোকারদের মতামত ও পরামর্শ নেওয়া হবে। একই সঙ্গে বাজারে বিদ্যমান তারল্য সংকট কাটিয়ে স্বাভাবিক গতি ফিরিয়ে আনার বিষয়ে করণীয় নির্ধারণের চেষ্টা করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং বাজারে লেনদেন বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণই এ বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন