চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সবসময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) শহীদ সেনাসদস্যদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের হাতে সহায়তার চেক তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রী স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে ওই দুই সেনাসদস্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সবসময় আপনাদের পরিবারের পাশে থাকবে।” প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালের দায়িত্বও সরকার পালন করবে বলে জানান তিনি।
এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ দুই সেনাসদস্যের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শহীদ সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার।
অন্যদিকে শহীদ সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
গত ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন