সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নন-সাবমিশন মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ে সুপর্ণা চৌধুরীকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে। দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার দিন সুপর্ণা চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা চৌধুরী এবং তার স্বামী এস কে সুরের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য দাখিলের জন্য সম্পদ বিবরণী চাওয়া হয়।
২০২৪ সালের ২৭ অক্টোবর সুপর্ণা চৌধুরী নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ নির্ধারিত ফরম গ্রহণ করেন। তবে আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন দুদকের উপসহকারী পরিচালক এ এম তাহের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আদালত সুপর্ণা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলার বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য ও অন্যান্য প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন