বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর নিয়ে অনিশ্চয়তা থাকলেও দেশের ক্রিকেটের অন্যতম বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিপিএলকে ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার পাশাপাশি তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের উঠে আসার গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন তিনি।
বিপিএলের অফিসিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওতে টুর্নামেন্ট নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শান্ত। দীর্ঘদিন ধরে বিপিএলে খেলার কারণে প্রতিবারই আসর শুরুর আগে তার মধ্যে আলাদা ধরনের রোমাঞ্চ কাজ করে বলে জানান তিনি।
শান্ত বলেন, বিপিএলে তিনি অনেক বছর ধরে খেলছেন। প্রতি বছর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা শুনলেই তার মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়। একজন খেলোয়াড়ের জন্য এটি বড় একটি মঞ্চ এবং এখানে ভালো পারফর্ম করতে পারলে ব্যক্তিগত ক্যারিয়ারেও ইতিবাচক প্রভাব পড়ে।
জাতীয় দলের এই ব্যাটারের মতে, বিপিএলের গুরুত্ব শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্যও এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। প্রতি আসরেই বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান ক্রিকেটার নিজেদের মেলে ধরার সুযোগ পান।
শান্ত মনে করেন, বিপিএলের মতো বড় মঞ্চে ভালো করার সুযোগ তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন