ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে নতুন ইতিহাস গড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে টানা সবচেয়ে বেশি লিগ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়েছে ক্লাবটি।
এই ড্রয়ের মধ্য দিয়ে সৌদি প্রো লিগে টানা ৯৪ ম্যাচে অন্তত একটি করে গোল করার নজির স্থাপন করেছে আল নাসর। এর মাধ্যমে তারা ভেঙে দিয়েছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের দীর্ঘদিনের রেকর্ড।
১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩ লিগ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। শনিবারের ম্যাচে আল নাসরের হয়ে ৭২তম মিনিটে সমতাসূচক গোলটি করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আব্দুল্লাহ আল হামদান। সেই গোলেই বিশ্বরেকর্ড নিজেদের করে নেয় সৌদি ক্লাবটি।
২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এই গোলমুখী যাত্রায় অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোনালদো। সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১১৩ ম্যাচে ১০৫ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই পর্তুগিজ তারকা।
আল নাসরের টানা গোল করার এই রেকর্ডযাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে আল হিলালের কাছে ৩-০ গোলে হারের পর। পরের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে শুরু হয় তাদের টানা গোলের ধারাবাহিকতা, যা শেষ পর্যন্ত বিশ্বরেকর্ডে রূপ নেয়।
তবে রেকর্ড গড়ার দিন জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আল নাসর। আল খালিজের বিপক্ষে পয়েন্ট হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে রোনালদোর দল। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তারা দুই পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে।
টানা ম্যাচে গোল করার রেকর্ডে রোনালদোর উপস্থিতি অবশ্য নতুন নয়। রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৬ সালের এপ্রিল থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭৩ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড গড়া দলটির অন্যতম প্রধান তারকা ছিলেন তিনি।
৪১ বছর বয়সী রোনালদো সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমই হতে পারে পেশাদার ফুটবলে তার শেষ অধ্যায়। তবে অবসরের আগে তার অন্যতম লক্ষ্য অফিশিয়াল ম্যাচে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। বর্তমানে তার নামের পাশে রয়েছে ৯৭৯টি গোল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন