রাজধানীর হাজারীবাগে বাসা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাফসাদ মোস্তফা রুহিন (২২) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার সকালে হাজারীবাগের ঝিগাতলা সড়কের একটি বাসার পঞ্চম তলার ফ্ল্যাটের ডাইনিং রুমসংলগ্ন একটি ছোট কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় মায়ের সঙ্গে থাকতেন।
হাজারীবাগ থানার এসআই মো. শামীম মিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দুপুরে ওই বাসায় যায়। পরে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাফসাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের ধারণা, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো একসময় রাফসাদ আত্মহত্যা করে থাকতে পারেন। সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।
পুলিশ ও হাসপাতালের নথি অনুযায়ী, রাফসাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায়। দুই ভাইয়ের মধ্যে তার বড় ভাই মালয়েশিয়ায় থাকেন।
প্রেমের সম্পর্ক নিয়ে মনোমালিন্য
হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাফসাদের এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারেরই জানা ছিল। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য ও মান-অভিমান চলছিল। এর জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাফসাদের খালাতো ভাই ইমতিয়াজ কামাল জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে ফোনে রাফসাদের সঙ্গে তার কথা হয়। তখন রাফসাদ জানিয়েছিলেন, জিম শেষ করে একটি সেলুনে চুল কাটাতে গেছেন। এরপর তার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। তবে সময়ের অভাবে শেষ পর্যন্ত তিনি বিমানবন্দরে যাননি।
ইমতিয়াজ আরও জানান, প্রায় এক বছর ধরে এক তরুণীর সঙ্গে রাফসাদের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের টানাপোড়েনের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।
রাফসাদের মরদেহ বুধবার বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন