রাশিয়ার জ্বালানি আমদানি অব্যাহত রাখা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার বিধান রেখে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। এর আওতায় ভারতসহ ১০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটির লক্ষ্য রাশিয়া ও ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, দেশটির নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত ‘ছায়া বহর’ এবং ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও জোরদারের বিধান রয়েছে এতে।
প্রতিনিধি পরিষদে বিলটি ২৬২-১৫৯ ভোটে পাস হয়েছে। এর আগে আগস্টে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়। এখন বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানোর প্রক্রিয়ায় রয়েছে।
যেসব দেশের নাম রয়েছে
প্রতিনিধি পরিষদে জমা দেওয়া একটি সংশোধনীতে ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম উল্লেখ করা হয়েছে। এসব দেশ রাশিয়ার জ্বালানি আমদানি অব্যাহত রাখলে তাদের পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট পেতে পারেন।
তবে বিলটি পাস হওয়া মানেই এসব দেশের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হওয়া নয়। বরং আইনটি প্রেসিডেন্টকে নির্দিষ্ট পরিস্থিতিতে এমন শুল্ক আরোপের ক্ষমতা দেবে।
বিল নিয়ে আপত্তি
বিলটির বিরোধিতাকারী ডেমোক্র্যাট আইনপ্রণেতারা প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের ক্ষমতার ওপর পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকলে এর ব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
অন্যদিকে বিলটির সমর্থকেরা বলছেন, রাশিয়ার জ্বালানি বিক্রি থেকে পাওয়া আয় ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে মস্কোর অর্থায়নে সহায়তা করছে। তাই রাশিয়ার জ্বালানি ক্রেতা দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হলে মস্কোর ওপর চাপও বাড়বে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন