নেত্রকোনায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সাদিয়া আক্তার নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে সাদিয়ার বিরুদ্ধে। গত ৮ সেপ্টেম্বর বিকেলে নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে বলাইনগুয়া এলাকার বাসিন্দা প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় প্রতারণার মামলা করেন। ওই মামলায় সাদিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন বলে জানা গেছে।
এনসিপির চিঠিতে বলা হয়েছে, দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাদিয়াকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাঁর বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রমাণ দ্রুত দাখিল করতে বলা হয়েছে।
তবে নেত্রকোনা জেলা এনসিপির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান দাবি করেছেন, সাদিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁর দাবি, সাদিয়া রাজনৈতিক আক্রোশের শিকার। উপযুক্ত তথ্যপ্রমাণের মাধ্যমে তিনি দ্রুত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন