আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে এবং প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর থেকে শুরু করার প্রস্তাব রয়েছে। তবে এ সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। আন্তমন্ত্রণালয় বৈঠক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের পর নির্বাচনের তারিখ চূড়ান্ত করার কথা জানিয়েছে কমিশন।
অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করেছে ইসি। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।
বৈঠকে থাকছেন বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের পাঠানো নোটিশ অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, স্থানীয় সরকার, আইন ও বিচার, তথ্য ও সম্প্রচার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড এবং আনসার ও ভিডিপির শীর্ষ কর্মকর্তারাও অংশ নেবেন।
এ ছাড়া জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার মধ্যে ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির প্রতিনিধিদেরও বৈঠকে রাখা হয়েছে।
অর্থ ও প্রযুক্তিগত বিষয়েও আলোচনা
নির্বাচনে প্রার্থীদের ঋণখেলাপি যাচাই, কালোটাকার লেনদেন বন্ধ এবং আর্থিক নজরদারি জোরদারের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নির্বাচন পরিচালনায় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা সচল রাখার বিষয়েও বিটিআরসি ও ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচনী ব্যয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন