মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। বিশ্বে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এর সঙ্গে ইয়েমেনের হুথিদের তৎপরতায় বাব আল-মানদেব প্রণালি ঘিরে নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে।
এশিয়ায় তীব্র জ্বালানি সংকট
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জ্বালানি সংকটের প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন পেট্রলপাম্পে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। কোথাও কোথাও তেল না পেয়ে মানুষকে মোটরসাইকেল ঠেলে গন্তব্যে যেতে দেখা যাচ্ছে।
সংকট মোকাবিলায় সরকার গাড়ির জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে জ্বালানি সরবরাহের ব্যবস্থা চালু করেছে। তবে এর প্রতিবাদে ট্যাক্সিচালক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
ফিলিপাইনে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ম্যানিলা উপসাগরের জেলেদের ওপরও বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বর্ষা মৌসুম শেষে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি থাকলেও বাড়তি জ্বালানি খরচের কারণে অনেকেই সাগরে নামতে পারছেন না। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
শ্রীলঙ্কাতেও জ্বালানি সরবরাহ সীমিত করার প্রভাব পড়েছে। সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় সরবরাহ কমিয়ে দেওয়ায় পাম্প মালিকেরা লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন।
সিরিয়ায় ৪০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সরকার ডিজেলের দাম এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলে বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রাস্তায় যান চলাচল বন্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন ক্ষুব্ধ নাগরিকেরা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান যুদ্ধ ও জ্বালানি সরবরাহ সংকটের কারণে দাম বাড়ানো ছাড়া তাদের সামনে কার্যকর বিকল্প ছিল না।
পর্তুগাল ও গুয়াতেমালাতেও প্রতিবাদ
ইউরোপের দেশ পর্তুগালেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাড়িচালকেরা ধীরগতিতে গাড়ি চালিয়ে এবং হর্ন বাজিয়ে বিক্ষোভ করেছেন। রাজধানী লিসবনের ‘২৫ দে এপ্রিল’ সেতুসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এতে ব্যাপক যানজট তৈরি হয়।
লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালাতেও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কৃষক, পরিবহনশ্রমিক ও আদিবাসী অধিকারকর্মীরা বিক্ষোভ করেছেন। রাজধানী গুয়াতেমালা সিটিতে বড় মিছিলের পাশাপাশি ভিয়া নুয়েভা এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাড়ছে বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ
মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর উন্নয়নশীল দেশগুলোতে পরিবহন ও পণ্য পরিবহনের খরচ বাড়ছে। এর প্রভাব খাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক নাওমি হোসাইন মনে করেন, বিভিন্ন দেশের সরকার সাধারণ মানুষকে এই অস্বাভাবিক জ্বালানি সংকটের প্রভাব থেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছে। তার মতে, সংকট মোকাবিলায় কার্যকর বিকল্প সীমিত হয়ে পড়ায় বিভিন্ন দেশে জনতুষ্টিবাদী রাজনীতির প্রবণতা আরও জোরালো হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ ও বাব আল-মানদেব—দুটি গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে নিরাপত্তাঝুঁকি দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর আরও চাপ তৈরি হতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন