ইন্টার মায়ামির জার্সিতে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ক্যাম্পিওনেস কাপের ফাইনালে বাঁ পায়ের বদলে হেডে গোল করে অনন্য এই কীর্তি গড়েন তিনি।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ক্রুজ আজুলকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ক্যাম্পিওনেস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। চলতি বছরে এটি মেসির প্রথম এবং নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের অধীনে মায়ামির প্রথম শিরোপা।
হেডে মেসির শততম গোল
ম্যাচের ২৪তম মিনিটে ডান প্রান্ত থেকে লুইস সুয়ারেজের বাড়ানো নিখুঁত ক্রসে উঁচুতে উঠে দুর্দান্ত হেডে বল জালে জড়ান মেসি। এর মধ্য দিয়ে ইন্টার মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক পূর্ণ করেন তিনি।
মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচেই ১০০ গোল করেছেন মেসি। ক্লাবটির হয়ে দ্রুততম সময়ে শত গোলের মাইলফলক স্পর্শ করার কীর্তিও গড়েছেন তিনি।
এর আগে বার্সেলোনার হয়ে ১৮৮ ম্যাচে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৭৪ ম্যাচে ১০০ গোল করেছিলেন এই ফরোয়ার্ড।
গোলের পাশাপাশি অ্যাসিস্টও
মেসি শুধু গোল করেই থামেননি। ম্যাচের ৮১তম মিনিটে তাঁর নেওয়া কর্নার থেকে মায়ামি ব্যবধান দ্বিগুণ করে। দারুণ ফিনিশিংয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন সতীর্থ কাসিমেরো।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর ক্রুজ আজুলের বিপক্ষেই যুক্তরাষ্ট্রের মাটিতে নিজের প্রথম গোল করেছিলেন মেসি। সেই একই প্রতিপক্ষের বিপক্ষে এবার মায়ামির জার্সিতে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
মায়ামির হয়ে মেসির গোলসংখ্যা
ইন্টার মায়ামির হয়ে মেসির গোলগুলোর মধ্যে এমএলএসে ৭৬টি, লিগস কাপে ১৪টি, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ৮টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে একটি গোল রয়েছে।
মায়ামির হয়ে এর আগে ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে রেকর্ড ৭৪ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতেছেন মেসি।
সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে মেসির মোট গোলসংখ্যা ৯২৯টি।
চলতি এমএলএস মৌসুমেও দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন তারকা। ২২ ম্যাচে ১৯ গোল করে তিনি রয়েছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। তবে এমএলএসের শিরোপা ধরে রাখার লড়াইয়ে ইন্টার মায়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৪৫ পয়েন্ট নিয়ে ন্যাশভিলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন