প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের ন্যায্যমূল্যে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীর কার্ড বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম এবং কার্ডধারীদের সুবিধার্থে তৈরি ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
কমছে টিসিবির ভর্তুকি
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি পর্যায়ক্রমে শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থায় বৈষম্য থাকার কারণেই বাজারে এখনো পুরোপুরি স্থিতিশীলতা আসেনি। তবে ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা সাধারণ মানুষের জন্য উপকারী হচ্ছে।
ডিজিটাল হচ্ছে কার্ড ব্যবস্থা
টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে কার্ড ব্যবস্থাকে ডিজিটাল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, কার্ড ব্যবস্থা ডিজিটাল করার ফলে সরকারের অন্তত ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা সাশ্রয় হবে। এখন কোনো গ্রাহকের কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও ডিজিটাল ব্যবস্থাপনার কারণে পণ্য পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হবে না।
ডিলার নিয়োগেও স্বচ্ছতা আনতে অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হবে।
প্রত্যন্ত অঞ্চলেও সেবা পৌঁছানোর লক্ষ্য
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান টিসিবির সেবা আরও আধুনিক করার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ডিজিটাল ব্যবস্থাপনার ফলে টিসিবির কার্যক্রমে জবাবদিহি বাড়বে। পাশাপাশি নতুন উপকারভোগী অন্তর্ভুক্তি এবং সেবা গ্রহণের প্রক্রিয়াও আরও সহজ ও নির্বিঘ্ন হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন