নতুন আইনি কাঠামোর আওতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ইউনিটটির অভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন এসআরবির মহাপরিচালক আহসান হাবীব।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশব্যাপী বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।
মহাপরিচালক বলেন, নতুন আইনের আলোকে এসআরবির সব অভিযানিক কার্যক্রম পরিচালনা করতে হবে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে। একই সঙ্গে প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
এ সময় আনুষ্ঠানিকভাবে এসআরবি ফোর্সের কার্যক্রমের শুভ সূচনাও ঘোষণা করেন আহসান হাবীব।
তিনি জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের অনুমোদনক্রমে শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।
এসআরবির প্রতিটি সদস্য দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জন করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন মহাপরিচালক।
এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন