ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সুহিলপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তিতাসের ২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর ফলে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালি খাতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়বে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়ে ২৭ মে শেষ হয়। এরপর প্রায় দুই মাস পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ করা হয়। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে খনন করা কূপটি থেকে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশে এ পর্যন্ত ২৯টি কূপ খনন করা হয়েছে। নতুন কূপের গ্যাস যুক্ত হওয়ায় জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন