মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে উল্লেখ করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমামরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা ‘রেড লাইন’। আল্লাহর ঘর ও মসজিদে নববীকে লক্ষ্য করে হামলার সঙ্গে ইসলামের শিক্ষার কোনো সম্পর্ক নেই বলেও তিনি মন্তব্য করেন।
হুথিরা তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আড়াল করতে ধর্মীয় স্লোগান ব্যবহার করছে বলেও অভিযোগ করেন শেখ বান্দার বালিলা। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড ইসলামের মূল শিক্ষার পরিপন্থী।
মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হুথিদের হামলা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা। এসব হামলার মাধ্যমে নিরপরাধ মানুষের মধ্যে আতঙ্ক ও রক্তপাত সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।
শেখ বান্দার বালিলা বলেন, এ ধরনের হামলার ঘটনায় সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্য আরও শক্তিশালী হবে।
সূত্র: সৌদি গেজেট
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন