নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ আদেশে নতুন বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ করা হবে। তবে বর্ধিত বেতনের পুরো অর্থ প্রথম ধাপেই দেওয়া হবে না।
আদেশে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্য বেতনের সঙ্গে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৯ম গ্রেড ও তদূর্ধ্বের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫০ শতাংশ যোগ করা হবে। এই অর্থ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে।
পরবর্তী সময়ে প্রজ্ঞাপনে নির্ধারিত ধাপ ও বিধান অনুযায়ী বর্ধিত বেতনের অবশিষ্ট অংশ পরিশোধ করা হবে। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অন্যান্য বিধান অনুযায়ী বেতন নির্ধারণ ও পরবর্তী অর্থ পরিশোধের ব্যবস্থা করা হবে।
প্রজ্ঞাপনটি এস.আর.ও. নং ৩৪৭-আইন/২০২৬ হিসেবে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন