শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির অষ্টম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৫২ হাজার ২০০ প্রার্থী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
অষ্টম ব্যাচে সারা দেশে ৪ হাজার ৮০০ আসনের বিপরীতে আবেদন করেন ৮১ হাজার ৪০০ জন। যাচাই-বাছাই শেষে ৫২ হাজার ২০০টি আবেদন বৈধ হিসেবে বিবেচিত হয়। বৈধ আবেদনকারীদের নিয়েই শনিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজধানীর কল্যাণপুরে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। দেশের অন্যান্য জেলাতেও সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কার্যক্রম তদারকি করেন।
কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৫০০ প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামীকাল ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ প্রশিক্ষণার্থী নিয়ে শুরু হবে অষ্টম ব্যাচের প্রশিক্ষণ।
যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৯ হাজার ২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬৪ শতাংশ, অর্থাৎ ১২ হাজার ৩৫৪ জন জাতীয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে আয় করতে সক্ষম হয়েছেন। তাদের মোট আয় প্রায় ৩৪ লাখ ৩৯ হাজার ৮০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি ৩০ লাখ টাকার সমপরিমাণ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন