ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার নির্মাণকাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের গুরুত্বপূর্ণ একটি সড়ক। ছয় লেনে উন্নীত করার প্রকল্পটি কয়েক বছর আগে নেওয়া হলেও দীর্ঘ সময় এর অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, গত ছয় মাসে ভূমি অধিগ্রহণের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে প্রায় ৫৬ শতাংশ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার আশা করা হচ্ছে। প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি বর্তমানে প্রায় ২৭ শতাংশ।
শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটি ১৩টি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে পাঁচটি প্যাকেজের কাজের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। তবে বাকি আটটি প্যাকেজের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। যেসব প্যাকেজে কাজের গতি কম, সেগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অগ্রগতি বাড়ানোর চেষ্টা চলছে।
নির্মাণকাজ চলমান থাকায় মহাসড়কে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে বলেও জানান মন্ত্রী। ভূমি অধিগ্রহণ প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় বাধা ছিল উল্লেখ করে তিনি বলেন, এখন সেই সমস্যা কাটিয়ে ওঠার পথে রয়েছে সরকার।
মন্ত্রী বলেন, ‘আমরা ২০২৯ সালের জুনের মধ্যে দরপত্র অনুযায়ী মহাসড়কটির নির্মাণকাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই।’
এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন