জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে তাঁর ভাষণের মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের এই আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হতে যাচ্ছেন তিনি।
এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন ১৯৯৩ সালের ১ অক্টোবর। পরবর্তী সময়ে ১৯৯৫, ২০০২ ও ২০০৫ সালেও জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বক্তব্য দেন খালেদা জিয়া। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি মোট পাঁচবার সাধারণ পরিষদের কার্যক্রমে বক্তব্য দেন।
জিয়াউর রহমানের ১৯৮০ সালের ভাষণে ধনী ও দরিদ্র দেশের বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয় গুরুত্ব পায়। শান্তি, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচারের বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি, ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয় উঠে আসতে পারে। দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের পাশাপাশি রোহিঙ্গা সংকটও সফরে গুরুত্ব পাবে বলে তিনি জানান।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ফলে ১৯৮০ সালে জিয়াউর রহমানের জাতিসংঘে ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া জিয়া পরিবারের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন