এশিয়ান গেমসে প্রথমবারের মতো নারী হকিতে খেলতে নেমেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে পুরো ম্যাচজুড়েই আধিপত্য ধরে রাখে প্রতিপক্ষ। শেষ পর্যন্ত ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল...
চতুর্থ মিনিটেই ঝং জিয়াকির গোলে এগিয়ে যায় চীন। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
দ্বিতীয় কোয়ার্টারেও চীনের আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগ। ২৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ঝং জিয়াকি। প্রথমার্ধ শেষ হয় ৭-০ ব্যবধানে।
বিরতির পরও ম্যাচের চিত্র বদলায়নি। একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে রাখে চীন। পুরো ম্যাচে ১৫টি পেনাল্টি কর্নার ও দুটি পেনাল্টি স্ট্রোক পায় তারা।
৩৬ মিনিটে ইয়াং লিউ গোল করে ব্যবধান বাড়ান। এরপর জু মেইরং ও চেন ইরাও স্কোরশিটে নাম লেখান। শেষ কোয়ার্টারে ৫১ ও ৫৭ মিনিটে আরও দুটি গোল করে ১৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে চীন।
পুরো ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের শেষ মিনিটে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের কণা আক্তার।
এবার এশিয়ান গেমসের নারী হকিতে অংশ নিচ্ছে ১২টি দল। দুই পুল থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। একই সঙ্গে এই আসরের ফলাফলের সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইয়ের সমীকরণও জড়িত।
বাংলাদেশ রয়েছে পুল ‘এ’-তে। চীনের বিপক্ষে বড় হারের পর আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন