কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। হত্যার কারণ ও তদন্তের অগ্রগতি নিয়ে আজ রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে জেলা পুলিশ।
জেলা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল শনিবার রাতে জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামতের ভিত্তিতে অপ্রতিমকে তাঁর মায়ের আইফোনের জন্যই হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, পুরো ঘটনার বিস্তারিত রোববার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এর আগে সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানান তিনি।
অপ্রতিম গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাওয়ার কথা বলে সে মায়ের আইফোনটি সঙ্গে নিয়ে বের হয়েছিল। অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিখোঁজের পর অপ্রতিমকে খুঁজতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। একটি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, ওই কিশোরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপ্রতিমের সঙ্গে নিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে।
এরপর গতকাল আরও এক কিশোরকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে গতকাল দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত আজকের সংবাদ সম্মেলনে পুলিশ তুলে ধরবে বলে জানিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন