কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অভিনেতা রওনক হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লেখেন, শিশুটির এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় নিজের মর্মাহত হওয়ার কথাও জানান তিনি।
ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আবেগঘন প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, অপ্রতিমের ছবির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছেন না। বাবা হওয়ার পর কোনো শিশুর এমন মৃত্যুর খবর দেখলে নিজের সন্তানের মুখই বারবার মনে পড়ে।
সিয়াম আরও বলেন, একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসা বাবা-মায়ের জন্য কতটা ভয়ংকর, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আনার এবং সত্য চাপা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি করেন তিনি।
অভিনেতা ইরফান সাজ্জাদও অপ্রতিমের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে তিনি দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
চিত্রনায়িকা পূজা চেরী অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, একজন মায়ের একমাত্র সন্তান ও একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংগীতশিল্পী কোনালও অপ্রতিমের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
নির্মাতা আশফাক নিপুন শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আইনি জটিলতা বা আইনের ফাঁকফোকরের অজুহাত না দিয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
‘বড়ছেলে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানও অপ্রতিমের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দেশের বাইরে থাকলেও সন্তান নিরাপদে থাকবে—এমন ভাবনা প্রকাশ করে সামাজিকমাধ্যমে নিজের হতাশা তুলে ধরেন।
যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালান।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অপ্রতিমের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনা প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন